বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৮

মাদারীপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

ছবি : বাসস

মাদারীপুর, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাদারীপুরের শিবচর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাতের অধীনে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

উপজেলার ২৫ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২৫ কেজি ইউরিয়া সার, ২৫ কেজি ডিএপি সার, ২৫ কেজি এমওপি সার, ২৫ কেজি জিপসাম সার, ২শ’ কেজি জৈব সার এবং ৭ কেজি কীটনাশক প্রদান করা হয়।

অনুষ্ঠানে শিবচর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আলিমুজ্জামান খানসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, প্রণোদনার মাধ্যমে পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।