শিরোনাম

বগুড়া, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের বাজার খরচ কিছুটা কমিয়ে আনতে বগুড়া সদরের খোকন পার্কে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে টিসিবি (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ)। ৫৯০ টাকার বিশেষ প্যাকেজে পণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করছেন সাধারণ ক্রেতারা।
টেক অ্যান্ড গিভ প্রতিষ্ঠানের ডিলার জাফর ইকবাল বাসস’কে জানান, সরকারের নির্দেশনায় পবিত্র রমজান উপলক্ষে আমরা এই ট্রাক সেল কার্যক্রম পরিচালনা করছি।
প্রতিটি প্যাকেজে আধা কেজি খেজুর, ২লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি এবং ১ কেজি ছোলা দেয়া হচ্ছে। যার মোট প্যাকেজ মূল্য রাখা হচ্ছে মাত্র ৫৯০ টাকা। তিনি আরও জানান, আজ বগুড়া সদরের প্রায় ৪শ’ জন মানুষকে এই পণ্য সহায়তা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
পণ্য কিনতে আসা ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ক্রেতা রুমানা বাসস’কে জানান, তিনি এই সাশ্রয়ী মূল্যের পণ্যের খবর পেয়ে সকাল ১০টার দিকে গাবতলী থেকে খোকন পার্কে এসেছেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও কোনো ধরনের অনিয়ম ছাড়াই তিনি পণ্য সংগ্রহ করতে পারছেন। তিনি আরও উল্লেখ করেন, সপ্তাহে সপ্তাহে যদি এভাবে সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়া যায়, তবে সাধারণ মানুষের জন্য তা অনেক বড় উপকারে আসবে।
টিসিবি’র এই পণ্য বিক্রয় কার্যক্রমে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া পাওয়া গেছে এবং নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে পণ্য সংগ্রহ করতে দেখা গেছে।