বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫৩
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৩

মিনু মন্ত্রী হওয়ায় রাজশাহীতে আনন্দের জোয়ার, মিষ্টি বিতরণ

মেয়র মিজানুর রহমান মিনু ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজশাহীবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। ছবি : বাসস

/ওমর ফারুক/

রাজশাহী, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় রাজশাহীবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে শুরু করে সবখানেই মিনুকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠেছে রাজশাহীর মানুষ। দল মত নির্বিশেষে সবাই মিজানুর রহমান মিনুকে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দিচ্ছেন। 

আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রীসভার পূর্ণাঙ্গ তালিকায় তার নাম প্রকাশের পর থেকেই রাজশাহীর রাজপথ ও অলিগলিতে উল্লাসে ফেটে পড়েন সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা। বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা মিনুকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেন। মিছিলটি নগরের বিভিন্ন এলাকা পরিদর্শন করে।

রাজশাহীর সাধারণ মানুষের কাছে মিজানুর রহমান মিনু কেবল একজন রাজনীতিবিদ নন, বরং আধুনিক রাজশাহীর রূপকার হিসেবে পরিচিত। 

খবর পাওয়ার পরপরই নগরীর বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝেও মিষ্টি বিতরণ করা হয়। নেতাকর্মীদের দাবি, দীর্ঘ রাজপথের লড়াই-সংগ্রাম আর ত্যাগের মূল্যায়ন হয়েছে মিজানুর রহমান মিনুকে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মাধ্যমে।

এমপি নির্বাচিত হওয়ার পর মিনু তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে রাজশাহীবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছিলেন।

রাজশাহী মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু বলেন, মিনু ভাই মন্ত্রী হওয়ায় আমরা খুব আনন্দিত। আশা করছি রাজশাহীসহ সারাদেশের মানুষের উন্নয়নে কাজ করবেন তিনি। এটা রাজশাহীর জন্যই সুখবর।

রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম জনি বলেন, রাজশাহীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল একজন পূর্ণাঙ্গ মন্ত্রী। রাজশাহী থেকে রাজশাহীর উন্নয়নের রূপকার, সাবেক সফল মেয়র ও জননেতা মিজানুর রহমান মিনুকে মন্ত্রীত্ব দেয়া হয়েছে। রাজশাহী মহানগর যুবদল ও রাজশাহীবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।