বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:০৫

এ বিজয় জাতীয়তাবাদের শক্তির প্রমাণ: ড. শেখ ফরিদুল

ড. শেখ ফরিদুল ইসলাম। ফাইল ছবি

বাগেরহাট, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‘এ বিজয় জাতীয়তাবাদের শক্তির প্রমাণ। এটি কেবল আমার ব্যক্তিগত বিজয় নয়, বরং ধর্ম-বর্ণ নির্বিশেষে রামপাল-মোংলার সর্বস্তরের মানুষের বিজয়।’
আজ  শুক্রবার সকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বাসসকে বলেন, সমুদ্রবেষ্টিত সুন্দরবনে অবস্থিত মোংলা-রামপাল অঞ্চলের বিশাল জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে অবহেলার শিকার ছিল। এবারের রায়ে এলাকার হিন্দু, মুসলিম, খ্রিস্টানসহ সব ধর্মাবলম্বী মানুষ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের অগ্রযাত্রায় সামিল হয়েছেন।

তিনি বলেন, ‘এ বিজয় এলাকার সকল মানুষের। যারা নির্বাচনে বিজয়ী হতে পারেননি, তাদের সঙ্গেও আমরা একযোগে এলাকার উন্নয়নে কাজ করবো। হিংসা-হানাহানি বা সংঘাত নয়—আগামীর পার্লামেন্ট হবে জাতীয় ঐক্যের প্রতীক।’

ড. শেখ ফরিদুল ইসলাম আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে রাষ্ট্র পরিচালনায় রামপাল-মোংলার মানুষের সুখ-দুঃখ, প্রত্যাশা ও সমস্যা জাতীয় সংসদে তুলে ধরবেন।

তিনি উল্লেখ করেন, অবহেলিত এ জনপদের বহুমুখী সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে। বিশেষ করে মোংলা বন্দর-এর কার্যক্রম আরও গতিশীল করে স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

আগামী পাঁচ বছর এলাকাবাসীর পরামর্শ, সুচিন্তিত মতামত ও নির্দেশনা নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘সাধারণ খেটে খাওয়া দিনমজুর, জেলে ও চাষিদের কণ্টকাকীর্ণ জীবনপথ মসৃণ করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এ অঙ্গীকারই হবে আমার সবচেয়ে বড় প্রেরণা।’

তিনি আরও বলেন, রামপাল-মোংলার মানুষ বিএনপির জন্মলগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে বিশ্বাসী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর নেতৃত্বে অনুপ্রাণিত। এ জনপদ জাতীয়তাবাদী শক্তির ঘাঁটি—এবারের নির্বাচনে তারই বহি:প্রকাশ ঘটেছে।