বাসস
  ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২১
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৭

আজ ‘ধানের শীষের’ পক্ষে ৮টি স্থানে জনসভা করবেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা, ৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান রাজধানীতে আজ ‘ধানের শীষের’ পক্ষে ৮টি স্থানে জনসভায় বক্তব্য রাখবেন।

টানা দ্বিতীয় দিনে সোমবার এ প্রচার চালাবেন বিএনপি প্রধান। 

তারেক রহমান বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে নিজের নির্বাচনী এলাকা বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ খেলার মাঠে পথসভা করে প্রচারণা শুরু করবেন ।

এরপর তিনি ঢাকা-১০ আসনে শেখ রবিউল আলম রবির নির্বাচনী এলাকা কলাবাগান ক্রীড়াচক্র মাঠে দুপুর ১২টায়, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকা পীর জঙ্গি মাজার রোডে দুপুর ১টায়, ঢাকা-৯ আসনে হাবিবুর রশীদ হাবিবের নির্বাচনী এলাকা বাসাবো তরুণ সংঘ মাঠে দুপুর ২টায়, ঢাকা-৫ আসনে নবী উল্লাহ নবীর নির্বাচনী এলাকা যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে দুপুর ৩টায় নির্বাচনী জনসভায় অংশ নেবেন।

এছাড়াও বিএনপি চেয়ারম্যান ঢাকা-৪ আসনে তানভীর আহমেদ রবিনের নির্বাচনী এলাকা জুরাইন দয়াগঞ্জ রোডে বিকেল ৪টায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন নির্বাচনী এলাকা ধূপখোলা মাঠে বিকেল ৫টায় ও ঢাকা-৭ আসনে হামিদুর রহমান হামিদের নির্বাচনী এলাকা লালবাগ বালুর মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় অংশ নিয়ে বক্তব্য রাখবেন।