শিরোনাম

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : শ্রমবাজারের চাহিদা পূরণ ও অভিবাসীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের স্বল্পমেয়াদি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
আজ মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারি ভবনে হাইকমিশনার মো. নাজমুল ইসলামের সঙ্গে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) শ্রীলঙ্কা ও মালদ্বীপের কান্ট্রি ডিরেক্টর জোনি সিম্পসনের সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানানো হয়।
এক বার্তায় জানানো হয়, সাক্ষাতে বাংলাদেশ, মালদ্বীপ ও আইএলও’র মধ্যে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়, যাতে মালদ্বীপে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের অধিকার, মর্যাদা ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা যায়।
মালদ্বীপ বর্তমানে শ্রমিক সংকটে ভুগছে উল্লেখ করে সিম্পসন দেশটির শ্রমশক্তির চাহিদা পূরণে দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগের গুরুত্ব তুলে ধরেন।
তিনি অভিবাসী কর্মীদের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থায় সহায়তা প্রদানের জন্য আইএলও’র প্রস্তুতি পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের উদ্যোগের ভিত্তিতে স্বল্পমেয়াদি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের আগ্রহ প্রকাশ করেন।
হাইকমিশনার বলেন, বাংলাদেশি অভিবাসী কর্মীদের অনেক চ্যালেঞ্জ কেবল দ্বিপাক্ষিক প্রচেষ্টার মাধ্যমে কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব নয়। তিনি বাংলাদেশ, মালদ্বীপ ও আইএলও-কে অন্তর্ভুক্ত করে ত্রিপক্ষীয় দৃষ্টিভঙ্গির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
তিনি তিন পক্ষের মধ্যে আনুষ্ঠানিক সহযোগিতা কাঠামো অন্বেষণের প্রস্তাব দেন, যাতে দক্ষতা উন্নয়ন, ন্যায্য মজুরি এবং শ্রম অধিকার বিষয়ে সমন্বয়, সুরক্ষা ও সহায়তা বৃদ্ধি করা যায়।
উভয় পক্ষ মালদ্বীপের শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির সুযোগ এবং মালদ্বীপে বাংলাদেশি কর্মীদের জন্য ন্যূনতম মজুরি সংক্রান্ত সমস্যার সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন।
তারা আরো জোর দেন, অভিবাসী কর্মীদের জন্য সর্বাত্মক ও অন্তর্ভুক্তিমূলক সুরক্ষা নিশ্চিত করতে মালদ্বীপ সরকারের শ্রম কাঠামো আইএলও’র মান ও নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া জরুরি।
বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়, ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদার হলে নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ শ্রম অভিবাসনের প্রসার ও এবং মালদ্বীপে বাংলাদেশি অভিবাসী কর্মীদের কল্যাণ নিশ্চিত হবে।