বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৫

নায়েমের নতুন মহাপরিচালক ড. ওয়াসীম মো. মেজবাহুল হক

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)-এর মহাপরিচালক হিসেবে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা ড. ওয়াসীম মো. মেজবাহুল হককে নিয়োগ দিয়েছে সরকার। 

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহী সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নায়েমের মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

মন্ত্রণালয়ের উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন এবং সংশ্লিষ্ট পদে নিয়মিত পদোন্নতির মাধ্যমে পদায়ন করা হলে এই চলতি দায়িত্বের আদেশটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এছাড়া, কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। তিনি স্ব-স্ব ক্ষেত্রে বাধ্যতামূলক ভবিষ্যৎ তহবিল, বিমা ও অন্যান্য তহবিল চাঁদা প্রদান করবেন। 

জনস্বার্থে জারিকৃত এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।