শিরোনাম

নেত্রকোণা, ৩ জুলাই, ২০২৬ (বাসস): জেলার পূর্বধলা থানার পুলিশ অভিযান চালিয়ে ‘অশ্লীল’ ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা প্রচারের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের নারীসহ আট সদস্যকে আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
ওসি জানান, বিকেলে পূর্বধলা উপজেলার ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকার একটি মৎস্য খামার (ফিশারি) থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় অপরাধে ব্যবহৃত ১০টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তারা হলেন, পূর্বধলা উপজেলার শিবপুর গ্রামের সিরাজুল ইসলাম (৩০), মো. শুভ (২০), সাগর মিয়া (২০), জুয়েল মিয়া (৩২), মাজিজুল (২৫), কাজল মিয়া (২০), মেঘশিমুল গ্রামের হাবিবুর রহমান হাবিব (৪০) এবং সালমাকান্দা গ্রামের মোছা. মনিরা আক্তার (৩০)।
ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আরও জানান, পুলিশের একটি চৌকস দল দুপুর আড়াইটার দিকে শিবপুর গ্রামস্থ একটি ফিশারিতে অভিযান চালায়। সেখানে মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল ভিডিও ধারণ ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের সময় ৭ জন পুরুষ ও ১ জন নারীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও ২ জন নারীসহ ৬/৭ জন পালিয়ে যায়।
আটকদের হেফাজত থেকে জব্দ করা মোবাইল ফোনগুলো প্রাথমিক পর্যালোচনা করে দেখা যায়, ২০২৩ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত শতাধিক অশ্লীল ভিডিও তাদের ফোনে সংরক্ষিত রয়েছে। তারা দীর্ঘদিন ধরে এই অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।