শিরোনাম

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির অনলাইন আবেদন প্রক্রিয়া অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এবং বেসরকারি মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর আলোকে ২০২৫-২৬ অর্থবছরে নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার লক্ষ্যে গত ২ ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই অনুযায়ী আজ রোববার থেকে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা নির্ধারিত ছিল।
মন্ত্রণালয় জানিয়েছে, এমপিওভুক্তির আবেদন গ্রহণের জন্য নির্ধারিত সফটওয়্যারটি নির্ভুলভাবে প্রস্তুত করার কাজ এখনও সম্পন্ন না হওয়ায় নির্ধারিত সময়ে আবেদন গ্রহণ শুরু করা সম্ভব হচ্ছে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সফটওয়্যারটি প্রস্তুত হওয়া সাপেক্ষে শীঘ্রই পুনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে অনলাইনে আবেদন গ্রহণের নতুন তারিখ ও সময়সীমা সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব মো. আব্দুল হান্নান স্বাক্ষরিত গত ৫ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি নোটিশ সংশ্লিষ্ট সকল দপ্তর, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এই সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়েছে।