বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৭

সারাদেশে গণভোট ও নির্বাচন-২০২৬ সম্পর্কে প্রচার করছে তথ্য মন্ত্রণালয় : তথ্যসচিব

ছবি : বাসস

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : তথ্যসচিব মাহবুবা ফারজানা বলেছেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তথ্য মন্ত্রণালয় প্রত্যন্ত অঞ্চলসহ সারা দেশে গণভোট ও নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছে। নির্বাচনের পূর্ব পর্যন্ত প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে।

আজ রোববার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত হেল্প ডেস্ক, ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্থাপিত মিডিয়া সেন্টার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণভোট ও নির্বাচন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য অধিদফতরের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যসচিব।

এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে-উল্লেখ করে তিনি কর্মকর্তাদের দৃঢ় মনোবল, নিরপেক্ষতা, একাগ্রতা ও সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

তথ্যসচিব আরও বলেন, বিধিবিধান ও পেশাদারিত্ব বজায় রেখে কর্মকর্তাদের যেকোনো অপতথ্য ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

বিদেশি গণমাধ্যমকর্মীদের মাধ্যমে এবারের নির্বাচনের স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবমূর্তি বহির্বিশ্বে তুলে ধরতে কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের আহ্বান জানান তিনি।

তথ্যসচিব জানান, বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের মিডিয়া সংক্রান্ত যেকোনো সহযোগিতা প্রদানে আগামী ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিডিয়া সেন্টার স্থাপন করা হবে। এছাড়া, হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত হবে হেল্প ডেস্ক এবং রাজধানীর তথ্য ভবনে একটি তথ্য কেন্দ্র চালু করা হবে।

কর্মশালায় কর্মকর্তাদের করণীয় বিষয়ে প্রধান তথ্য কর্মকর্তা বলেন, বিমানবন্দরে স্থাপিত হেল্প ডেস্ক, ইন্টারকন্টিনেন্টালে স্থাপিত মিডিয়া সেন্টার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণভোট ও নির্বাচন সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ নির্বাচন কমিশনের সাথে সমন্বয় সাধন করে কাজ করবে।

তিনি কর্মকর্তাদের বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঠিক তথ্য, মতামত ও সেবা প্রদানের বিষয়ে দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন।

বহির্বিশ্ব যেন একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের চিত্র পায়, সে লক্ষ্যে কর্মকর্তাদের সুষ্ঠভাবে দায়িত্ব পালনে নির্দেশ প্রদান করেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ইয়াসীন।

যুগ্মসচিব মাহফুজা আখতারের সঞ্চালনায় কর্মশালায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং তথ্য অধিদফতরের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ৮০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।