বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪৪

আগামীকাল টাঙ্গাইল আসছেন জামায়াতে ইসলামীর আমির

জামায়াতে ইসলামীর আমির ও ১১-দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

টাঙ্গাইল, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামীকাল টাঙ্গাইল আসছেন জামায়াতে ইসলামীর আমির ও ১১-দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান।

তার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

বুধবার দুপুর দুইটায় টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জনসভায় তিনি বক্তব্য রাখবেন।

তার সঙ্গে আসছেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এ দিকে জামায়াত আমিরের আগমন উপলক্ষ্যে আজ বাদ আসর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি স্বাগত মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

টাঙ্গাইল শহর জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, ‘আগামীকালের নির্বাচনী জনসভার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমাদের কর্মী-রুকন মিলিয়ে লাখের ওপরে। আমরা এখনও পরিপূর্ণভাবে নিশ্চিত করতে পারছি না কী পরিমাণ লোক হবে। আমাদের প্রিয় নেতার আগমনে দলীয় নেতা কর্মীরা খুবই উচ্ছ্বসিত। আগামীকালের নির্বাচনী জনসভা টাঙ্গাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলীয় প্রধান গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন।’

টাঙ্গাইল-৫ (সদর) আসনের জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির আহসান হাবীব মাসুদ বলেন, জামায়াতের আমিরের আগমন উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলামূলক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ জনসভায় টাঙ্গাইলে নতুন এক ইতিহাসের সৃষ্টি করবে। আমরা আশা করছি, জামায়াতের ইসলামীর লক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন। এর বাইরেও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের নেতাকর্মী ও সাধারণ জনতা উপস্থিত থাকবেন।