শিরোনাম

খুলনা, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ পুলিশ ট্রেনিং সেন্টারে পুলিশের ৬০তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
মোট ২১৪ জন প্রশিক্ষণার্থী পুলিশ কনস্টেবল এই সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।
আজ মঙ্গলবার খুলনায় পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন।
সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. মাহবুবুর রহমান ভুঁইয়া, জাহানাবাদ সেনানিবাসের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মোতাহার হোসেন, খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা ও প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি কৃতি প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্রফি বিতরণ করেন।
৬০তম টিআরসি ব্যাচের মধ্যে চৌকস বিষয়ে টিআরসি মো. মাহফুজ আলম, একাডেমি বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন মো. হৃদয় আহমেদ, মাঠ বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি মো. আল মাসুম মুসফিক শিহাব এবং মাসকেট্রিতে শ্রেষ্ঠ টিআরসি নির্বাচিত হন মো. মোস্তাফিজুর রহমান মিরাজ।
প্রধান অতিথি অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন প্রশিক্ষণপ্রাপ্ত কনস্টেবলদের উদ্দেশ্যে বলেন, ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ এই মহান ব্রতকে ধারণ করে ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা শ্রেণি নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত এবং আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করতে হবে। তিনি নবীন পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।