বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৪৪

বান্দরবানে নির্বাচন উপলক্ষে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন 

বান্দরবান, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বান্দরবান জেলায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

আজ মঙ্গলবার সকালে বান্দরবান সেক্টর সদর দপ্তরের আয়োজনে বান্দরবান সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বান্দরবান সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল।

বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল বলেন, নির্বাচনকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলায় ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। জেলার ৭টি উপজেলায় অবস্থিত ২২টি বেইজ ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মোবাইল ও স্ট্যাটিক ফোর্সের পাশাপাশি রিজার্ভ ফোর্স, ক-৯ ডগ স্কোয়াড, ড্রোন নজরদারি এবং জরুরি পরিস্থিতি মোকাবেলায় কুইক রেসপন্স ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

এ সময় বলিপাড়া ব্যাটালিয়নের (৩৮ বিজিবি) জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেন, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. ইমামুল আজিম সহ বিজিবির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।