বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

মুন্সীগঞ্জ, ৩ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): জেলার শ্রীনগর উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় আরিফ (৪৫) ও মামুন (৩৫) নামের মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টায় ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগর উপজেলার কেওটখালী এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আরিফ ঢাকার মুগদা এলাকার আরু মিয়ার ছেলে। অন্যদিকে, নিহত মো. মামুন ফরিদপুর জেলার বাসিন্দা। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১১ টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে শ্রীনগর উপজেলার কেওটখালী এলাকায় ঢাকামুখী লেনে একটি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্থায় ছিঁটকে পড়েন এবং ঘটনাস্থলেই তারা নিহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেন।

ঘটনা নিশ্চিত করে হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম সিদ্দিক জানান, নিহত দু’জনের মরদেহ হাসাড়া হাইওয়ে থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ তাদের পরিবারের কাছে হাস্তান্তর করা হবে।