বাসস
  ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার

ছবি : বাসস

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজ বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার নিউ পাল্লাথল বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি সীমান্ত পিলার দিয়ে কিছু দুষ্কৃতিকারী উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্রসহ অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে জানতে পেরে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমানের নেতৃত্বে একটি টহলদল এবং বড়লেখা উপজেলার নির্বাচনী বেইজ ক্যাম্প (ছোটলেখা উচ্চ বিদ্যালয়) থেকে মেজর এম জাহিদের নেতৃত্বে আরও একটি টহলদল সমন্বিতভাবে একটি বিশেষ অভিযান চালায়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গভীর জঙ্গলে পালিয়ে গেলেও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের তারাদরম নামক স্থান থেকে মালিকবিহীন ও লুকায়িত অবস্থায় বিপুল পরিমাণ উচ্চ বিস্ফোরক ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়।

এসবের মধ্যে রয়েছে- পাওয়ার জেল নাইনটি উচ্চ বিস্ফোরক ২৪টি টিউব (ভারতের এসবিএল এনার্জি লিমিটেড, নাগপুরে প্রস্তুত), ডিটোনেটর ২৩টি, ডিটোনেটর কর্ড ১৫ মিটার, পাইপ গান ৩টি।

উদ্ধারকৃত বিস্ফোরক ও অস্ত্র সংক্রান্ত ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সকল গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিস্তারিত তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।