শিরোনাম

চট্টগ্রাম, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ২৭ কেজি ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরের দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সীর হাট এলাকা থেকে ডলফিনটি উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয়রা মৃত একটি ডলফিন ভাসতে দেখেন। পরে নদীর হাটহাজারী অংশের পাহারাদার মো. আলমগীর মদুনাঘাট এলাকার দিক থেকে জোয়ারের পানিতে ভেসে আসা মৃত ডলফিনটি উদ্ধার করেন।
হাটহাজারী উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শওকত আলী মৃত ডলফিনটির সুরতহাল রিপোর্ট তৈরি করে জানান, উদ্ধার করা ডলফিনটির আনুমানিক দৈর্ঘ্য ৪ ফুট ২ ইঞ্চি এবং প্রস্থ ১ ফুট। এর ওজন প্রায় ২৭ কেজি এবং আনুমানিক বয়স ২ থেকে ৩ বছর হতে পারে। ৩ থেকে ৪ দিন আগে জালে আটকা পড়ে বা শক্ত বস্তুর আঘাতে এর মৃত্যু হয়ে থাকতে পারে। ইতোমধ্যে শরীরে পচন ধরে গেছে।
তিনি আরো জানান, হালদা নদীর মারাত্মক দূষণ, ইঞ্জিনচালিত ড্রেজারের অবৈধ প্রবেশ, অবৈধ জালের কারণে হালদা নদীতে ডলফিনের মৃত্যুর পরিমাণ বাড়ছে। এটা হালদা নদীর জীববৈচিত্রের জন্য হুমকি। উদ্ধার করা মৃত ডলফিনটি হালদা পাড়ে মাটি চাপা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।