বাসস
  ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৭

প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণে ৫৫টি পিটিআইয়ের জন্য নমুনা রুটিন প্রকাশ

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের ৫৫টি প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) ২০২৬ সেশনের 'প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ' (বিটিপিটি) কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নমুনা রুটিন ও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।

নেপের উপপরিচালক (মূল্যায়ন) এ কে এম মনিরুল হাসান স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশে এই তথ্য জানানো হয়। আজ সোমবার নেপের ওয়েবসাইটে এ নমুনা রুটিন প্রকাশ করা হয়।

নতুন রুটিন অনুযায়ী, প্রশিক্ষণার্থীদের প্রতিদিনের কার্যক্রম সকাল ৬টা ৩০ মিনিটে শরীরচর্চার মাধ্যমে শুরু হবে। সকাল ৯টা ৩০মিনিট থেকে ৪টা ৪০ মিনিট পর্যন্ত তাত্ত্বিক ও ব্যবহারিক অধিবেশনগুলো পরিচালিত হবে।

নমুনা রুটিনে বলা হয়েছে, সপ্তাহে ২০টি নিয়মিত অধিবেশন ছাড়াও বিদ্যালয় উন্নয়নে নেতৃত্ব, প্রতিফলন চর্চা, শারীরিক ও মানসিক সুস্থতা এবং নান্দনিকতা চর্চার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বিজ্ঞান শিক্ষার অধিবেশন শেষ হওয়ার পর নৈতিক, সামাজিক ও ধর্মীয় শিক্ষা বিষয়ক অধিবেশন শুরু করতে হবে।

রুটিনে বার্ষিক কার্যক্রম বিন্যাসে বলা হয়েছে, ২০২৬ সেশনের প্রশিক্ষণে অন্তর্ভুক্ত উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো-ফেব্রুয়ারি মাসের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা ও জাতীয় দিবস উদযাপন। ১৮ এপ্রিল বা তার পূর্বে কাব স্কাউট ওরিয়েন্টেশন এবং ১৩-১৭ জুন পর্যন্ত ৫ দিনব্যাপী স্কাউট বেসিক ট্রেনিং।

নির্দেশনায় মডিউল চলাকালে আইসিটি ও বিজ্ঞান ব্যবহারিকসহ দেয়ালিকা প্রকাশ এবং সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ বিদ্যালয় কার্যক্রম (ইন্টার্নশিপ) বিষয়ে নমুনা রুটিনে বলা হয়েছে, প্রশিক্ষণার্থীরা দুই দফায় সরাসরি বিদ্যালয়ে পাঠদান করবেন। প্রথম দফা ১৯ এপ্রিল থেকে ২১ মে এবং দ্বিতীয় দফা ২ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতি দফায় ২৫ কর্মদিবস করে মোট ৫০ কর্মদিবস এই কার্যক্রম চলবে।

মূল্যায়ন পদ্ধতি নিয়ে রুটিনে বলা হয়, কোর্স শেষে অক্টোবর মাসের ৫ থেকে ১৫ তারিখের মধ্যে সম্ভাব্য ৯ দিনব্যাপী সামষ্টিক মূল্যায়ন (চূড়ান্ত পরীক্ষা) অনুষ্ঠিত হবে। এরপর ২৭-২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে মৌখিক মূল্যায়ন(পরীক্ষা)।

নেপের নির্দেশনায় বলা হয়েছে, পিটিআইসমূহকে তাদের শাখার সংখ্যা অনুযায়ী রুটিন প্রণয়নের স্বাধীনতা দেওয়া হলেও প্রতি বিষয়ের জন্য নির্ধারিত অধিবেশন সংখ্যা অপরিবর্তিত রাখতে বলা হয়েছে। প্রশিক্ষণলব্ধ অভিজ্ঞতা বিনিময়ের জন্য ২৬ অক্টোবর দিন ধার্য করা হয়েছে।