শিরোনাম

ঢাকা, ১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের উদ্যোগে এবং জবি আইটি সোসাইটি ও সিএসই ক্লাবের যৌথ সহযোগিতায় প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্ম (জেএনইউজিএএন)-এর ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির লাউঞ্জে (শহিদ সাজিদ ভবনের নিচতলায়) এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্ল্যাটফর্মটির ওয়েবসাইটের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জকসু সভাপতি অধ্যাপক মো. রেজাউল করিম।
এ সময় তিনি এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের অভিনন্দন জানান এবং প্ল্যাটফর্মটির সার্বিক সাফল্য কামনা করেন। সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষার্থীবান্ধব এমন উদ্যোগ বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।
জকসু’র সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন নওয়ার জয়া প্রজেক্টরের মাধ্যমে ওয়েবসাইটটি উপস্থাপন করেন।
তিনি উল্লেখ করেন, দেশ ও বিদেশে অবস্থানরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্ম কার্যকর ভূমিকা পালন করবে। এর মাধ্যমে অ্যালামনাইদের মধ্যে শক্তিশালী নেটওয়ার্কিং গড়ে উঠবে এবং ক্যারিয়ার উন্নয়ন ও ইন্টার্নশিপসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
অনুষ্ঠানে জকসু’র সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় অ্যালামনাই সংগঠন গঠনের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় জকসু’র নির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্বমঞ্চে একীভূত করার লক্ষ্যে এই ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগ্রহীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম কেন্দ্রীয় ও গ্লোবাল অ্যালামনাই প্ল্যাটফর্মের ওয়েবসাইট (jnugan.jnucsu.com) লিংকে প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।