শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ একজন অভিভাবককে হারালো।
তিনি বলেন, ব্যক্তিজীবনে বেগম খালেদা জিয়া ছিলেন অত্যন্ত মানবিক ও স্নেহশীল। তিনি সহকর্মী ও চিকিৎসকদের সবসময় খোঁজখবর নিতেন এবং মাতৃসুলভ আচরণ করতেন।
আজ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া শুধু বিএনপির চেয়ারপার্সন নন; তিনি একজন সন্তানের মা, একজন পরিবারের প্রধান এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতির অভিভাবকের ভূমিকা পালন করেছেন। দেশের মানুষের স্বার্থ ও কল্যাণে তিনি সবসময় আপসহীন ছিলেন।’
তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছিল। দেশি-বিদেশি খ্যাতনামা চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসার দায়িত্বে ছিল।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই ও জন হপকিন্স হাসপাতাল, যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ হাসপাতাল, লন্ডন ক্লিনিক ও ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকরা চিকিৎসা বোর্ডে যুক্ত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও চিকিৎসা টিমের সদস্য ছিলেন।
এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘তারেক রহমান রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি মায়ের চিকিৎসার বিষয়ে নিয়মিত খোঁজখবর রেখেছেন এবং চিকিৎসায় যাতে কোনো ঘাটতি না থাকে তা নিশ্চিত করেছেন।’
তিনি বলেন, ‘আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং বিএনপির নেতাকর্মী ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এই শোক সইবার শক্তি দেন।’