শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ, ১৮ মে, ২০২৬ (বাসস) : জেলার সীমান্তসহ বিভিন্ন স্থানে ৬টি পৃথক অভিযান পরিচালনা করে ৩৫ বোতল মদ ও ১৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার দিবাগত রাত ১টা হতে ১৮ মে (সোমবার) সকাল সাড়ে ৭টা পর্যন্ত ৫৩ বিজিবির মনোহরপুর বিওপি কর্তৃক শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রাম হতে ৩৫ বোতল ভারতীয় মদ যার আনুমানিক সিজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা। মাসুদপুর বিওপি কর্তৃক পাঁকা ইউনিয়নের নিশিপাড়া গ্রাম হতে ১টি, ফরিদপুর বিওপি কর্তৃক উজিরপুর ইউনিয়নের কদমতলীচর এলাকা হতে ৪টি, মনাকষা বিওপি কর্তৃক কদমতলা এলাকা হতে ২টি, জহুরপুর বিওপি কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন নারায়নপুর ইউনিয়নের খলিফারচর এলাকা হতে ৩টি, বাখেরআলী বিওপি কর্তৃক নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়াচর এলাকা হতে ৪টিসহ সর্বমোট ১৪টি ভারতীয় গরু জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩৫ লাখ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বাসস’কে বলেন, জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে এবং সব বিওপি থেকে গাড়ি ভাড়া করে গরুগুলো আনা হচ্ছে। সব গরু একত্রিত করে চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হবে। ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধ প্রতিরোধে ৫৩ বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে গরু ও মাদক চোরাচালান প্রতিরোধে সীমান্তের দুর্গম এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ চোরাচালান প্রতিরোধ করাসহ বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সকল সময়ে তৎপর রয়েছে ও নিরলসভাবে দায়িত্ব পালন করছে। এছাড়াও বর্তমানে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় ও নদী পথে অতিরিক্ত বিশেষ টহল ও চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে।