শিরোনাম

সংসদ ভবন, ৩ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বর্তমান সরকার দেশের বেকার ও পিছিয়ে পড়া যুবসমাজের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিকে বিশেষ প্রাধান্য দিয়ে কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তর সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বিভিন্ন যুগোপযোগী কর্মসূচি বাস্তবায়ন করছে।
আজ জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
শ্রমমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নে কর্মপ্রত্যাশী তরুণ-তরুণী ও নিয়োগকর্তাদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের লক্ষ্যে একটি সর্বাধুনিক ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এ বিষয়ক ধারণাপত্র প্রণয়ন ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক কাঠামো নির্ধারণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।
তিনি আরও উল্লেখ করেন, প্রস্তাবিত এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে কর্মপ্রত্যাশীদের নিবন্ধন ও সার্বিক তথ্য সংরক্ষণ, নিয়োগকর্তার চাহিদা অনুযায়ী উপযুক্ত কর্মপ্রত্যাশীদের সঙ্গে সংযোগ স্থাপন, বৈশ্বিক ও স্থানীয় শ্রমবাজারের চাহিদা বিশ্লেষণ এবং প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নে দিকনির্দেশনা দেওয়ার সুনির্দিষ্ট ব্যবস্থা থাকবে। এর ফলে কর্মসংস্থানের নতুন নতুন তথ্য ও সুযোগ সম্পর্কে কর্মপ্রত্যাশীরা সহজেই অবহিত হতে পারবেন এবং স্থানীয় ও জাতীয় শ্রমবাজারের সঙ্গে তাঁদের সরাসরি সম্পৃক্ত করা সম্ভব হবে।