শিরোনাম

সংসদ ভবন, ১৫ জুলাই, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদ সচিবালয় মসজিদে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আজ বাদ জোহর আয়োজিত এই মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দোয়া ও মোনাজাতে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির রুহের মাগফিরাত কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক আন্দোলনে জীবন উৎসর্গকারী ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
এ সময় দেশ ও জাতির শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি ও কল্যাণ, জাতীয় সংসদের কার্যক্রমের সফলতা এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জাতীয় সংসদ সচিবালয় মসজিদের সিনিয়র ইমাম মো. আবু রায়হান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ কর্মকর্তা-কর্মচারী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।