শিরোনাম

সংসদ ভবন, ১৬ জুন, ২০২৬ (বাসস): স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বর্তমানে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনে দৈনিক মোট পানির চাহিদা ৩২০ থেকে ৩২৫ কোটি লিটার। যদিও গ্রীষ্ম ও শীত মৌসুমে পানির চাহিদার তারতম্য হয়ে থাকে।
তিনি জানান, বর্তমানে ঢাকা ওয়াসার দৈনিক পানি উৎপাদন সক্ষমতা ২৯৫ থেকে ৩০০ কোটি লিটার।
আজ জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য নিলোফার চৌধুরী মনির টেবিলে উত্থাপিত তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্থানীয় সরকার মন্ত্রী আরও জানান, পানি বিশুদ্ধকরণের কাজটি অত্যাধুনিক কেমিক্যাল পিএসি (পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড), এ্যালাম সালফেট ও ক্লোরিনেশন-এর মাধ্যমে পরিশোধন করা হয় এবং ডবলিউএইচও (ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন)-এর গাইডলাইন অনুসরণ করে ওয়াসার নিজস্ব ল্যাবরেটরিতে পরীক্ষা করে পানির গুণগত মান নিশ্চিত হওয়ার পর তা নেটওয়ার্কে সরবরাহ করা হয়।
ঢাকা ওয়াসা মহানগরীর বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০টি পানির নমুনা সংগ্রহ করে বিভিন্ন প্যারামিটার পরীক্ষা করে পানির গুণগতমান নিশ্চিত করে থাকে।