বাসস
  ০৮ জুন ২০২৬, ১৮:৪১

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে : প্রতিমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। ফাইল ছবি

সংসদ ভবন, ৮ জুন, ২০২৬ (বাসস): শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো . নূরুল হক জানিয়েছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

যার মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সংক্রান্ত তথ্য, দক্ষতা উন্নয়ন ও চাকরি প্রাপ্তির সুযোগ বৃদ্ধি পাবে। 

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য নিলুফার চৌধুরি মনি'র লিখিত প্রশ্নের জবাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপিত হলে এর মাধ্যমে সারাদেশে স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন সাধিত হবে বলে আশা করা যায়।

তিনি জানান, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার দেশের সকল অঞ্চলে ভারসাম্যপূর্ণ উন্নয়ন নিশ্চিতকরণ এবং টেকসই কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্যে নানাবিধ উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরিত করার মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের অংশগ্রহণ বৃদ্ধি করাই বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার।