বাসস
  ০৬ এপ্রিল ২০২৬, ২৩:২০

ফ্যামিলি কার্ড বিতরণে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে

ফাইল ছবি

সংসদ ভবন, ৬ এপ্রিল, ২০২৬ (বাসস) : রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা বলেছেন, বর্তমান সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি দেশের জন্য অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনবে।

তারা বলেন, দেশের নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ নারীর ক্ষমতায়নের প্রতিফলন এবং এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিষয়ও তুলে ধরেন।

গত ১২ মার্চ শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেন। পরবর্তীতে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ ভাষণের ওপর আলোচনার জন্য ৫০ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়।

চিফ হুইপ মো. নুরুল ইসলাম জাতীয় সংসদে ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন এবং হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু তা সমর্থন করেন।

চট্টগ্রাম-১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজাম বলেন, ধাপে ধাপে দেশের ১৮ কোটি মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হলে তা দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা স্মরণ করে বলেন, নারীর উন্নয়নের তিনি সবসময় গুরুত্ব দিয়েছেন। দেশের ৫৩ শতাংশ জনগোষ্ঠী নারী হওয়ায় বর্তমান সরকারের এই উদ্যোগ সেই নীতিরই প্রতিফলন।

সিরাজগঞ্জ-১ আসনের সরকারি দলের সদস্য মো. সেলিম রেজা বলেন, সাম্প্রতিক নির্বাচনে সকল ধর্মের মানুষের সমর্থনে তিনি বিজয়ী হয়েছেন। তিনি বর্তমান প্রধানমন্ত্রীকে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং কৃষিঋণ মওকুফের উদ্যোগ গ্রহণের জন্য ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের করমুক্ত গাড়ি না নেওয়ার জন্য নিরুৎসাহিত করেছেন। এটিও ছিল তাঁর একটি দূরদর্শীমূলক সিদ্ধান্ত।

রাষ্ট্রপতির ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, রাষ্ট্রপতি তার ভাষণে পূর্ববর্তী সরকারের বিভিন্ন অনিয়ম তুলে ধরেছেন, এজন্য ধন্যবাদ তাঁর প্রাপ্য।

জুলাই আন্দোলন কোনো একক দলের অবদান নয় উল্লেখ করে নেত্রকোণা-৩ আসনের সরকারি দলের সদস্য রফিকুল ইসলাম হিলালী বলেন, জুলাই আন্দোলনে নেত্রকোণা জেলা থেকে ১৭ জন শহীদ হয়েছেন, যার মধ্যে ১৪ জনই বিএনপির।

পাবনা-৪ আসনের বিরোধী দলীয় সদস্য (জামায়াতে ইসলামী) আবু তালেব মণ্ডল বলেন, জনগণের রায়ের ভিত্তিতে জুলাই সনদ বাস্তবায়ন না হলে তা দুঃখজনক হবে।

আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা নিজ নিজ এলাকার ভোটারদের ধন্যবাদ জানান এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সরকারি দলের সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং বিরোধী দলীয় সদস্য (জামায়াতে ইসলামী) শেখ মনজুরুল হক রাহাদও আলোচনায় অংশ নেন।