বাসস
  ২২ জুন ২০২৬, ০৮:৫৪
আপডেট : ২২ জুন ২০২৬, ০৯:৪৫

আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় একান্ত বৈঠক হয়। ছবি : পিএমও

কুয়ালালামপুর, ২২ জুন, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে বসেছেন ।

আজ সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯ টায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনের পঞ্চম তলায় উভয়ে একান্ত এ বৈঠকে বসেন। 

একান্ত বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

একান্ত বৈঠকে বসার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। ছবি : পিএমও

উভয়ের একান্ত বৈঠকের পরে দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এতে নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম প্রমুখ উপস্থিত থাকবেন।

বৈঠকে বাণিজ্য-বিনিয়োগ সম্প্রসারণ,জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জন-যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দুইদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র সচিব।

ছবি : পিএমও

দ্বিপক্ষীয় বৈঠকের পরে উভয়ে আনুষ্ঠানিক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেবেন।

সংবাদ সম্মেলন শেষে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে মধ্যাহ্ন ভোজে অংশ নেবেন তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান এবং সফরসঙ্গিগণ।

এ সময়ে মালয়েশিয়ার প্রখ্যাত শিল্পীগণ মালয় এবং বাংলা ভাষায় গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।