শিরোনাম

সংসদ ভবন, ৩০ মার্চ, ২০২৬ (বাসস): স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের আইনশৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার পুলিশের ত্রি-মাত্রিক সক্ষমতা অর্জনে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, 'এ লক্ষ্যে পুলিশ সদস্যদের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণ অব্যাহত রয়েছে, পুলিশে হেলিকপ্টারের অন্তর্ভুক্তি, আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, আধুনিক যানবাহন ও অন্যান্য সরঞ্জামের যোগান দেওয়ার কাজ চলমান রয়েছে।'
জাতীয় সংসদে আজ নোয়াখালী-৫ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ ফকরুল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার দেশের আইনশৃঙ্খলা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষার জন্য বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, 'ফলে, বাংলাদেশ পুলিশ দেশের শান্তি ও শৃঙ্খলা রক্ষা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হয়েছে।'
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ পুলিশ দেশে আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং সেগুলো বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়ন করছে, যার মধ্যে রয়েছে-মানবাধিকার সমুন্নত রেখে জনগণের নিরাপত্তা রক্ষার জন্য সকল ধরনের কার্যক্রম পরিচালনা, বৈজ্ঞানিক তদন্ত প্রক্রিয়া ও প্রযুক্তি ব্যবহার করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখা, জনগণের নিরাপত্তা নিশ্চিত এবং অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপণ সেবা সহজে নিশ্চিত করতে ‘ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস ৯৯৯’ এর কার্যক্রম চলমান পরিচালনা করা।