শিরোনাম

সংসদ ভবন, ৩০ মার্চ, ২০২৬ (বাসস) : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দৃঢ়ভাবে জানিয়েছেন, বাংলাদেশে কোনো ধরনের ‘মব’ সংস্কৃতি থাকতে দেওয়া হবে না।
তিনি সতর্ক করে বলেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধের মতো কর্মসূচিও আর অনুমোদন করা হবে না।
আজ জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
প্রশ্নে রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় গুম, বিচারবহির্ভূত হত্যা এবং হেফাজতে নির্যাতনের সংস্কৃতি চালু ছিল।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে কোনো ‘মব’ ঘটনা ঘটেনি। আর সবকিছুকে ‘মব’ বলা ঠিক নয়; এর সংজ্ঞা ভিন্ন হওয়া উচিত। এখানে সংজ্ঞা আলাদা করে দেখা প্রয়োজন।'
তিনি আরও বলেন, 'গাইবান্ধার পলাশবাড়ী থানা আক্রমণ, ২১ ফেব্রুয়ারি এক সংসদ সদস্যের ওপর হামলা, কিংবা উত্তরা এলাকায় দোকানপাট বন্ধ রাখা- এসব কি ‘মব’? সবকিছুকে একভাবে দেখা যায় না। কিছু ঘটনা সংগঠিত ও পরিকল্পিত অপরাধ, যেগুলোর বিরুদ্ধে মামলা হচ্ছে এবং তদন্ত চলছে।'
সালাহউদ্দিন আহমদ বলেন, 'তবে একটি বিষয় স্পষ্ট- বাংলাদেশে কোনোভাবেই ‘মব’ সংস্কৃতি থাকতে দেওয়া হবে না। দাবি আদায়ের জন্য সড়ক অবরোধের যে প্রবণতা অন্তর্বর্তী সরকারের সময়ে দেখা গিয়েছিল; তা আর চলতে দেওয়া হবে না।'
তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দাবি উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো, সেমিনার বা জনসমাবেশ করা যেতে পারে। কিন্তু দাবি আদায়ের জন্য সড়ক অবরোধের সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।