বাসস
  ১২ মার্চ ২০২৬, ১৩:২৩
আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৩:২৯

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ড. খন্দকার মোশাররফ হোসেন

সংসদ ভবন, ১২ মার্চ, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ ড. খন্দকার মোশাররফ হোসেন, এমপি।

তার সভাপতিত্বে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হন।

পরে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ দুপুর ১২টার পর জাতীয় সংসদে রাষ্ট্রপতির কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

এর আগে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতির নাম প্রস্তাব করা হলে তা চূড়ান্ত হয়।

আজ বেলা ১১টা ৫ মিনিটে স্পিকারের চেয়ার খালি রেখে সংসদের অধিবেশন শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের পর অধিবেশনের শুরুতে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বক্তব্যের শুরুতেই তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে ২০২৪ সাল পর্যন্ত সব আন্দোলন-সংগ্রামের শহীদ এবং এতে অবদান রাখা সকলকে স্মরণ করেন।

পরে সংসদ অধিবেশনে সভাপতিত্বের জন্য তারেক রহমান ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। এ প্রস্তাবে সমর্থন জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া বিরোধী দলীয় উপনেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরও এ প্রস্তাব সমর্থন করেন।

দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানসহ সব সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানান অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন। এ দায়িত্ব পালনের সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছেন বলেও জানান তিনি।