শিরোনাম

সংসদ ভবন , ১১ জুন ২০২৬ (বাসস) : মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতা সম্প্রসারণ এবং রাজস্ব আহরণ বাড়াতে ব্যবসায়িক ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এসব কথা জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ভ্যাটের আওতা বাড়ানোর লক্ষ্যে ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে মূসক নিবন্ধন গ্রহণ বাধ্যতামূলক করতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, এর ফলে আরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান আনুষ্ঠানিক কর ব্যবস্থার আওতায় আসবে এবং রাজস্ব আহরণ বৃদ্ধি পাবে।
এছাড়া রাজস্ব বাড়াতে ভ্যাট ও সম্পূরক শুল্ক আইনে সংশোধনের প্রস্তাব দেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আদায় বৃদ্ধি এবং কর ব্যবস্থার কার্যকারিতা উন্নয়নের লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর বিভিন্ন তফসিলে সংশোধনের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, দেশে উৎপাদিত অ্যালকোহলের ওপর উৎপাদন পর্যায়ে প্রতি লিটার ৫০০ টাকা নির্দিষ্ট ভ্যাট আরোপ করা হবে। এছাড়া বিভিন্ন ধরনের উচ্চমূল্যের হিমায়িত মাছ আমদানির ক্ষেত্রে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে বৃক্ষ, বৃক্ষের অংশ এবং সুগন্ধি বৃক্ষ নির্যাস আমদানির ওপরও ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে।