বাসস
  ১১ জুন ২০২৬, ২৩:০৪

অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য কমিয়ে উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার : অর্থমন্ত্রী 

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। ছবি: পিএমও

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। 

তিনি বলেন, দেশের যে অঞ্চল যেই অর্থনৈতিক ও শিল্প উন্নয়নের জন্য উপযুক্ত, বর্তমান সরকার সে অঞ্চলে সেই উপযুক্ত অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পায়নে অগ্রাধিকার প্রদান করবে। 

আজ জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী এ কথা বলেন। 

তিনি বলেন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়নের অংশ হিসেবে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা বর্তমান সরকারের একটি কৌশলগত উদ্যোগ। চট্টগ্রামকে আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র হিসেবে প্রতিষ্ঠার জন্য বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ করা হবে। দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্পায়ন গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। উত্তরাঞ্চলের কৃষি-নিবিড় জেলাগুলোতে অগ্রাধিকার দেওয়া হয়েছে।