বাসস
  ১১ জুন ২০২৬, ২৩:০৩

বাপেক্সের ৬৯টি কূপ খননের পরিকল্পনা

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) এর নিজস্ব রিগ দ্বারা ৬৯টি কূপ খনন এবং ৩১টি কূপের ওয়ার্কওভার সম্পন্নের পরিকল্পনা রয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, বাপেক্স-এর মাধ্যমে ২০২৫-২৬ থেকে ২০২৭-২৮ পর্যন্ত সময়ে ২৭০ কি. মি. ভূতাত্ত্বিক জরিপ, ৭০০ লাইন কি. মি. টু-ডি (২ ডি) সাইসমিক জরিপ এবং ৭০০ বর্গ কি মি থ্রি-ডি (৩ ডি) সাইসমিক জরিপ কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। 

মন্ত্রী বলেন, সমুদ্রাঞ্চলে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য নতুন করে ‘বাংলাদেশ অফশোর বিডিং রাউন্ড’ ঘোষণা করা হয়েছে। অফশোর গ্যাস অনুসন্ধান, উত্তোলন আকর্ষণীয় করাসহ আন্তর্জাতিক কোম্পানিসমূহের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে দেশের স্বার্থ সমুন্নত রেখে মডেল প্রডাকশন শেয়ারিং কনট্রাক্ট (পিএসসি) সংশোধন করা হয়েছে। 

অর্থমন্ত্রী জানান, অগভীর সমুদ্রে ৯টি ও গভীর সমুদ্রে ১৫টি ব্লক আন্তর্জাতিক তেল কোম্পানিগুলোর জন্য উন্মুক্ত করা হয়েছে। এসব ব্লকে উৎপাদন-বণ্টন চুক্তির মাধ্যমে অনুসন্ধান কাজ পরিচালিত হবে। 

তিনি আরও বলেন, জ্বালানি অনুসন্ধান সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাপেক্সের জন্য দুইটি নতুন অনুসন্ধান রিগ ক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার ‘ক্রিটিক্যাল মিনারেল এক্সপ্লোরেশন’ উদ্যোগের মাধ্যমে প্রথাগত জ্বালানি পণ্যেও বাইরে অফশোর গ্যাস ও আনকনভেনশনাল হাইড্রোকার্বন অনুসন্ধানেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।