শিরোনাম

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : দেশে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বা আনন্দময় শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যে সারা দেশে ৫০ হাজার শিক্ষককে মানসিক স্বাস্থ্য উন্নয়ন বিষয়ে প্রশিক্ষণের পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে এই কর্মসূচির আওতায় দেশের ৮ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরির উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে।
আজ বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এ পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বাজেট প্রস্তাবনায় বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকার বাজেট বরাদ্দ রাখা হয়েছে। বিদায়ি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ৪১ হাজার ৭৫৩ কোটি ৯৫ লাখ টাকা। সেই তুলনায় এবার বরাদ্দ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
বাজেটে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে অনগ্রসর এলাকার ১ লাখ ৫০ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ সরবরাহ করা হবে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা নিশ্চিতের লক্ষ্যে শিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মাধ্যমে দেশব্যাপী ১ কোটি বৃক্ষ রোপণ ও পরিচর্যার কর্মসূচি বাস্তবায়ন করা হবে। একই সাথে স্থানীয় পর্যায়ে ২৬ হাজার এবং বৈদেশিক পর্যায়ে ১০০ জন শিক্ষককে জলবায়ু সহনক্ষমতা বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য প্রস্তাবিত ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকার মধ্যে পরিচালন ব্যয় হিসেবে ৩২ হাজার ৮৬৭ কোটি ২৪ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় হিসেবে ২৪ হাজার ৪৩৪ কোটি ৪৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।