শিরোনাম

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস): অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম তৈরি পোশাক খাতে কাস্টমস বন্ড প্রথা চালু করেছিলেন।
আজ বৃহষ্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম তৈরি পোশাক খাতে কাস্টমস বন্ড প্রথা এবং ব্যাক-টু-ব্যাক এলসি’র ভিত্তিতে শুল্ক মুক্তভাবে কাঁচামাল আমদানি ব্যবস্থা চালু করেছিলেন।
তিনি বলেন, বাংলাদেশের তৈরি পোশাক (রেডিমেট গার্মেন্ট) খাতের বিকাশ ও প্রসারে বন্ডেড ওয়্যারহাউস ব্যবস্থা এক যুগান্তকারী ভূমিকা পালন করলেও অন্যান্য সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত নানাবিধ কারণে এ ব্যবস্থার সুযোগ গ্রহণ করতে পারেনি।
মন্ত্রী বলেন, এ কারণে তৈরি পোশাক খাতের পাশাপাশি অন্যান্য সকল রপ্তানিমুখী খাতের সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিদ্যমান বন্ড সংক্রান্ত বিধি-বিধান সংশোধন করার প্রস্তাব করছি যাতে সকল খাত বন্ড সুবিধায় তাদের কাঁচামাল আমদানি এবং তৈরি পণ্য রপ্তানি করতে পারে।
তিনি বলেন, ব্যবসা সহজীকরণের উদ্দেশ্যে শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রতিবছর বন্ডের অডিটের বাধ্যবাধকতা রহিত করার প্রস্তাব করছি।
মন্ত্রী বলেন, তৈরি পোশাক শিল্পের ন্যায় শতভাগ রপ্তানিমুখী লেদারগুডস ও ফুটওয়্যার শিল্প প্রতিষ্ঠান এবং টাওয়েল, লিলেন ও হোমটেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানের জেনারেল বন্ডের মেয়াদ এক বছরের স্থলে তিন বছর করার প্রস্তাব করছি।