শিরোনাম

ঢাকা, ১১ জুন, ২০২৬ (বাসস): প্রস্তাবিত বাজেটে শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্পে প্রতিবছর বন্ড অডিটের বাধ্যবাধকতা রহিত করার প্রস্তাব করা হয়েছে।
আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এ প্রস্তাব দেন।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের তৈরি পোশাক (রেডিমেট গার্মেন্ট) খাতের বিকাশ ও প্রসারে বন্ডেড ওয়্যারহাউজ ব্যবস্থা এক যুগান্তকারী ভূমিকা পালন করলেও অন্যান্য সম্ভাবনাময় রপ্তানিমুখী খাত নানাবিধ কারণে এ ব্যবস্থার সুযোগ গ্রহণ করতে পারেনি।
মন্ত্রী বলেন, এ কারণে তৈরি পোশাক খাতের পাশাপাশি অন্যান্য সকল রপ্তানিমুখী খাতের সম্ভাবনা বিবেচনায় নিয়ে বিদ্যমান বন্ড সংক্রান্ত বিধি-বিধান সংশোধন করার প্রস্তাব করছি যাতে সকল খাত বন্ড সুবিধায় তাদের কাঁচামাল আমদানি এবং তৈরি পণ্য রপ্তানি করতে পারে।
তিনি বলেন, ব্যবসা সহজীকরণের উদ্দেশ্যে শতভাগ রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রতিবছর বন্ডের অডিটের বাধ্যবাধকতা রহিত করার প্রস্তাব করছি।
মন্ত্রী আরো বলেন, তৈরি পোশাক শিল্পের ন্যায় শতভাগ রপ্তানিমুখী লেদারগুডস ও ফুটওয়্যার শিল্প প্রতিষ্ঠান এবং টাওয়েল, লিলেন ও হোম টেক্সটাইল শিল্প প্রতিষ্ঠানের জেনারেল বন্ডের মেয়াদ এক বছরের স্থলে তিন বছর করার প্রস্তাব করছি।