বাসস
  ১১ জুন ২০২৬, ২২:২৬

বাজেট পূর্ববর্তী অংশীজনদের সঙ্গে আলোচনায় প্রাপ্ত সুপারিশসমূহ সক্রিয় বিবেচনায় নেয়া হয়েছে : অর্থমন্ত্রী 

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলেন। ছবি: পিএমও

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের বাজেট প্রণয়ন ও সরকারের মধ্যমেয়াদি নীতি-কৌশল নির্ধারণে বাজেট পূর্ববর্তী অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনায় প্রাপ্ত সুপারিশসমূহ সক্রিয় বিবেচনায় নেয়া হয়েছে।

আজ জাতীয় সংসদে বাজেট পেশকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।  

তিনি বলেন, বর্তমানের সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ সত্ত্বেও আমরা মনে করি, নতুন বাজেট অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা করবে। বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি, উদ্যোক্তা বিকাশ এবং উৎপাদনশীল খাতের সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিকে আরও গতিশীল ও শক্তিশালী করা হবে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য এমন একটি অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা, যেখানে বেসরকারি খাত হবে প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি এবং তরুণ ও নারীদের জন্য সৃষ্টি হবে নতুন সম্ভাবনার ক্ষেত্র।

মন্ত্রী বলেন, বিশেষায়িত কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প, কোল্ড-চেইন, সংরক্ষণাগার, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প ও লজিস্টিকস উন্নয়নের বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। হাওর-বাঁওড় এলাকার মানুষের টেকসই উন্নয়নের জন্য কৃষি, মৎস্য চাষ, হাঁস পালন, পর্যটন ও জীববৈচিত্র্য সংরক্ষণে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।