বাসস
  ১১ জুন ২০২৬, ২১:৩৮

এমএস রড উৎপাদনে ভ্যাট বৃদ্ধির প্রস্তাব

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : রাজস্ব আহরণ বৃদ্ধি এবং ভ্যাট ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে ইস্পাত শিল্পে বিভিন্ন পর্যায়ে নির্দিষ্ট ভ্যাট বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। 

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনকালে তিনি বলেন, ইস্পাত খাতে বিদ্যমান ভ্যাট কাঠামো পুনর্বিন্যাসের অংশ হিসেবে ফেরো অ্যালয়, স্ক্র্যাপ, বিলেট, ইনগট এবং এমএস রড উৎপাদনের বিভিন্ন স্তরে নির্দিষ্ট ভ্যাটের হার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ফেরো-ম্যাঙ্গনিজ ও ফেরো-সিলিকো ম্যাঙ্গনিজ অ্যালয়ের ক্ষেত্রে প্রতি টনে নির্দিষ্ট ভ্যাট ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হবে। একইভাবে ফেরো-সিলিকন অ্যালয়ের ক্ষেত্রেও ভ্যাট ১ হাজার ৫০০ টাকা থেকে ১ হাজার ৯০০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, স্ক্র্যাপ বা শিপ স্ক্র্যাপের ক্ষেত্রে প্রতি টনে নির্দিষ্ট ভ্যাট ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে। রি-রোলেবল স্ক্র্যাপ থেকে উৎপাদিত এমএস রডের ওপর ভ্যাট ১ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ১০০ টাকা করার প্রস্তাব রাখা হয়েছে।

মেল্টেবল স্ক্র্যাপ থেকে উৎপাদিত বিলেট ও ইনগটের ক্ষেত্রে ভ্যাট ১ হাজার ৫০০ টাকা থেকে ১ হাজার ৯০০ টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে, বিলেট বা ইনগট থেকে উৎপাদিত এমএস রডের ক্ষেত্রে ভ্যাট ১ হাজার ৬০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, গর্দা বা মেল্টেবল স্ক্র্যাপ থেকে উৎপাদিত ইনগট বা বিলেট এবং সেখান থেকে উৎপাদিত এমএস রডের ক্ষেত্রে নির্দিষ্ট ভ্যাট ২ হাজার ৭০০ টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার ৪০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে। পাশাপাশি রাজস্ব আহরণ বাড়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যকে আরও আনুষ্ঠানিক ও সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনা সম্ভব হবে।