বাসস
  ১১ জুন ২০২৬, ২১:২৮

৭ খাতে বাধ্যতামূলক হচ্ছে বিআইএন

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): ট্রেড লাইসেন্স নবায়ন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মার্চেন্ট অ্যাকাউন্ট খোলাসহ ৭ খাতে বিআইএন (ব্যবসা শনাক্তকরণ নম্বর) বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছ। 

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশকালে এই প্রস্তাব করেন। 

বিআইএন বাধ্যতামূলক করা খাতগুলোর মধ্যে রয়েছে- মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা; ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠানে চলতি হিসাব খুলতে; বা ঋণ নিতে হলে; ট্রেড লাইসেন্স নবায়ন করতে; বাণিজ্য সংগঠনের সদস্য পদ গ্রহণ বা নবায়ন করতে; প্রতিষ্ঠানের নামে বিদ্যুৎ-গ্যাস সংযোগ গ্রহণ করতে এবং বিআরটিএ থেকে ব্যবসা প্রতিষ্ঠানের নামে যানবাহনের রেজিস্ট্রেশন নিতে চাইলে বিআইএন নিতে হবে।