শিরোনাম

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : ভূমি মন্ত্রণালয়ের জন্য ২০২৬-২৭ অর্থবছরে ২ হাজার ৪৩৯ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ প্রস্তাব উপস্থাপন করেন।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে ভূমি মন্ত্রণালয়ের জন্য ২ হাজার ৩০৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়। সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ২ হাজার ৪০১ কোটি টাকা।
অর্থ উপদেষ্টা বলেন, ২০২৬-২৭ অর্থবছরে যেসব কার্যাবলী, প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করা হবে এগুলো হলো-ভূমি ব্যবস্থাপনা অটোমেশন এবং গুচ্ছগ্রাম ৩য় পর্যায় প্রকল্প (ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন); ই-মিউটেশন আবেদন নিষ্পত্তি, ভূমি উন্নয়ন করসহ অন্যান্য রাজস্ব দাবি নির্ধারণ, আদায় এবং অভ্যন্তরীণ নিরীক্ষা কার্যক্রম পরিচালনা, ভূমিহীন, অতিদরিদ্র এবং নিম্নবিত্তদের পুনবার্সন ও তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন; আইন ও বিধিসমূহ যুগোপযোগীকরণ এবং ভূমি সংক্রান্ত মামলা নিষ্পত্তিকরণ; মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং, সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা; কৃষি ও অকৃষি খাসজমি বন্দোবস্ত প্রদান, অর্পিত ও পরিত্যক্ত সম্পত্তির ব্যবস্থাপনা; ভূমি রাজস্ব কার্যক্রম তদারকি এবং বিভিন্ন প্রকার প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তা/কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধিসহ অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সীমানা বিরোধ নিরসন।