বাসস
  ১১ জুন ২০২৬, ১৯:২৩
আপডেট : ১১ জুন ২০২৬, ১৯:২৮

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ১,১৮৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ১৮৯ কোটি ৫৯ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দের পরিমাণ ছিল ১ হাজার ২২২ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা।

আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাজেট নথি অনুযায়ী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত ১ হাজার ১৮৯ কোটি ৫৯ লাখ টাকার মধ্যে পরিচালন ব্যয় হিসেবে ৯১৩ কোটি ৪৯ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয় হিসেবে ২৭৬ কোটি ১০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে দেশি ও বিদেশি উৎস থেকে ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-২০২৪’ এর অডিও ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণের জন্য বিশেষ প্রকল্প গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা ও সঠিক ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হবে।

বাজেট প্রস্তাবনায় বলা হয়, সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমকর্মীদের অধিকার সুরক্ষায় আইনগত সংস্কারের ব্যাপক উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে আগামী অর্থবছরে ‘প্রিন্টিং প্রেস এন্ড পাবলিকেশনস্ অ্যাক্ট সংশোধন ২০২৫’, ‘সম্প্রচার আইন ২০২৫’, ‘গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) আইন ২০২১ (খসড়া)’ এবং ‘প্রেস কাউন্সিল আইন ২০২২’ প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। একই সাথে ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আইন ২০২৩’ এবং ‘বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদ প্রতিনিধি নিয়োজন, জেলা সংবাদ প্রতিনিধি সম্মানি কাঠামো ও শ্রেণি উন্নয়ন নীতিমালা ২০২৩’ বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রস্তাবনায় আরো বলা হয়, ‘বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন’ এবং ‘বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রকে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্রে রূপান্তর (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্প দু’টি বাস্তবায়ন করা হবে। এছাড়া, দেশের চলচ্চিত্র শিল্পের গৌরবময় পরিবেশ ফিরিয়ে আনতে ‘বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প এবং তৃণমূল পর্যায়ে তথ্য প্রবাহ সচল রাখতে ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এতে বলা হয়, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি ও সরকারের নীতিগত কার্যক্রম তুলে ধরতে বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে বিদ্যমান ১০টি প্রেস উইংয়ের কার্যক্রম দক্ষতার সাথে পরিচালনা করা হবে। এছাড়া অভ্যন্তরীণভাবে সামাজিক উন্নয়নে ‘শিশু ও কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ এবং জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধিতে ‘এসআইবিই-এনআইএমসি’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করবে সরকার।