বাসস
  ১১ জুন ২০২৬, ১৯:১৪
আপডেট : ১১ জুন ২০২৬, ১৯:৫৭

২০২৬-’২৭ অর্থবছরে পররাষ্ট্র খাতে ১ হাজার ৮৪৪ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস) : ২০২৬-’২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পররাষ্ট্র খাতে ১ হাজার ৮৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

গত বছর এই খাতে বাজেটের পরিমাণ ছিল ১ হাজার ৭০৪ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ১ হাজার ৭৬৪ কোটি টাকা।

আজ জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে পররাষ্ট্র খাতে ১ হাজার ৮৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করছি, যা ২০২৫-’২৬ অর্থবছরে ছিল ১ হাজার ৭০৪ কোটি টাকা এবং তা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ১ হাজার ৭৬৪ কোটি টাকা।

জাতীয় সংসদে ২০২৬-’২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। তিনি বিকেল ৩টায় বাজেট পেশ শুরু করেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট এবং দেশের ৫৪তম বাজেট।

এর আগে আজ মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-’২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।