বাসস
  ১১ জুন ২০২৬, ১৮:৫৯

জুডিসিয়াল একাডেমি ও চৌকি আদালতের অবকাঠামো উন্নয়নসহ একগুচ্ছ প্রকল্প বাস্তবায়নে বাজেট প্রস্তাব

গ্রাফিক্স : বাসস

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুডিসিয়াল একাডেমি স্থাপন, বিচারকদের বাসভবন নির্মাণ ও আদালতে গাড়ি সরবরাহের পাশাপাশি চৌকি আদালতের অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বরাদ্দ রাখা হয়েছে।

২০২৬-২৭ অর্থবছরে আইন ও বিচার বিভাগের জন্য প্রস্তাবিত বাজেটে উল্লেখযোগ্য যে সকল প্রকল্প বা কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হয়েছে সেগুলো হচ্ছে:

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনসমূহের অবকাঠামো নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধাদি নিশ্চিতকরণ। মহিলাদের জন্য ন্যায়বিচার, কমিউনিটি বিরোধ নিষ্পত্তিকে শক্তিশালী করা এবং মামলা পরিচালনার উন্নতি করা। মধ্যস্থতা ও সিভিল লিটিগেশন প্রক্রিয়ার বিকাশের মাধ্যমে ন্যায়বিচারের প্রবেশাধিকার বৃদ্ধির প্রকল্প বাস্তবায়ন। শিশুদের জন্য বিকল্প এবং রেস্টোরেটিভ বিচার ব্যবস্থাকে শক্তিশালীকরণ' প্রকল্প বাস্তবায়ন। 'বিবাহ ও তালাক নিবন্ধনের আইসিটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন। সুপ্রিম কোর্টের জন্য রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত মাজার মসজিদ নির্মাণ। অধস্তন আদালতের বিচার ব্যবস্থা অটোমেশনের জন্য 'ই-জুডিসিয়ারী' শীর্ষক প্রকল্প বাস্তবায়ন। ভূমি নিবন্ধন ব্যবস্থাপনা অটোমেশন শীর্ষক প্রকল্প বাস্তবায়ন। চৌকি আদালতসমূহের অবকাঠামো উন্নয়ন। আনুষঙ্গিক সুবিধাদিসহ জেলা জজ আদালতের ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ প্রকল্প। বিভিন্ন আদালত বা ট্রাইব্যুনালে নতুন গাড়ি সরবরাহ অথবা প্রতিস্থাপন। জেলা ও দায়রা জজগণের বাসভবন নির্মাণ' প্রকল্প এবং বাংলাদেশ জুডিসিয়াল একাডেমি স্থাপন কার্যক্রম।

আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আইন ও বিচার বিভাগের জন্য এ বরাদ্দের প্রস্তাব পেশ করেন। আইন ও বিচার বিভাগের জন্য ২১৮৭ কোটি ৫৮ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে পরিচালন খাতে ১৯৯৮ কোটি ৮৬ লাখ টাকা ও উন্নয়ন খাতে ১৮৮ কোটি ৭২ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।