বাসস
  ১১ জুন ২০২৬, ১৮:৫৩
আপডেট : ১১ জুন ২০২৬, ১৯:০৯

শিক্ষিত বেকার যুবক-যুবতিদের কর্মসংস্থানের জন্য ‘কেয়ার গিভার’ প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ

গ্রাফিক্স : বাসস

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): স্থানীয় ও বৈদেশিক চাহিদা পূরণের লক্ষ্যে দেশের শিক্ষিত বেকার-যুবক যুবতিদের কর্মসংস্থান সৃষ্টির জন্য ৪ মাস মেয়াদি ‘জেনারেল কেয়ার গিভার’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় এই কথা জানান। 

অর্থমন্ত্রী জানান, উন্নত বিশ্বের অনেক দেশে কেয়ার গিভারের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাদের চাহিদা অনুযায়ী এ খাতে দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব হলে একদিকে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ প্রসারিত হবে এবং একইসাথে প্রবাসী আয় অর্জনের নতুন দ্বার উন্মোচিত হবে। দেশেও কেয়ার গিভারের চাহিদাও প্রতিনিয়ত বাড়ছে। এজন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য ৪ মাস মেয়াদি ‘জেনারেল কেয়ার গিভার’ বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর-এ কর্মরত ৬০ হাজার সেবা প্রদানকারীকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, একটি শক্তিশালী স্বাস্থ্যব্যবস্থার অন্যতম ভিত্তি হলো উচ্চমানের নার্সিং শিক্ষা ও প্রশিক্ষণ। তাই নার্সিং শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে সরকার বিশেষ গুরুত্বারোপ করেছে। 

নার্সিং শিক্ষকদের আধুনিক ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রদানের জন্য কানাডা সরকারের সহযোগিতায় একটি বিশেষায়িত নার্স শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নার্সিং ও মিডওয়াইফারি খাতে উচ্চশিক্ষা ও পেশাগত উন্নয়নের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সরকারি ২৫টি নার্সিং কলেজে ২ বছর মেয়াদি এমএসসি ইন নার্সিং কোর্স চালু করা হয়েছে এবং আরও আটটি সরকারি নার্সিং কলেজে এ কোর্স চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি চারটি নার্সিং কলেজে ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং কোর্স চালু করা হয়েছে। 

অর্থমন্ত্রী বলেন, সরকার পর্যায়ক্রমে নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, আধুনিক ল্যাব ও সিমুলেশন সুবিধা বৃদ্ধি, ডিজিটাল শিক্ষাব্যবস্থা চালু এবং আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের নার্সিং শিক্ষাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।