বাসস
  ১১ জুন ২০২৬, ১৮:২১
আপডেট : ১১ জুন ২০২৬, ১৮:২৯

পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান প্ল্যাটফর্মে রূপান্তর করবে সরকার

গ্রাফিক্স : বাসস

সংসদ ভবন, ১১ জুন, ২০২৬ (বাসস): দেশের অর্থনীতি পুনর্গঠনের অংশ হিসেবে একটি আধুনিক, শক্তিশালী ও টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে পুঁজিবাজার খাতে ব্যাপক কাঠামোগত সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে দীর্ঘমেয়াদি বিনিয়োগ ও অর্থায়নের প্রধান প্ল্যাটফর্ম হিসেবে পুঁজিবাজারকে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

অর্থ  ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে এসব কথা জানান। 

জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকনির্ভর অর্থায়নের ওপর চাপ কমাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের নতুন উৎস তৈরি করা হবে। এ লক্ষ্যে পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের কার্যকর প্ল্যাটফর্মে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, পুঁজিবাজারের নিয়ন্ত্রক কাঠামো আরও শক্তিশালী করা হবে এবং বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা হবে। একই সঙ্গে শেয়ারবাজারের পাশাপাশি করপোরেট বন্ড মার্কেট, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড, সুকুকসহ অন্যান্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ উপকরণের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

অর্থমন্ত্রী বলেন, যোগ্য কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে উৎসাহিত করতে তালিকাভুক্তির ধাপসমূহ পর্যালোচনা ও সরলীকরণ করা হবে। পাশাপাশি প্রতিবেদন ও তথ্য প্রকাশের শর্তাবলী সংশোধন করে আরও সহজ, সুস্পষ্ট ও বাস্তবসম্মত করা হবে, যাতে ভালো কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে আগ্রহী হয়।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি অর্থায়নের বিকল্প উৎস গড়ে তুলতে করপোরেট বন্ড মার্কেট সম্প্রসারণ করা হবে। পাশাপাশি স্থানীয় সরকার ও নগর অবকাঠামো উন্নয়নের  ক্ষেত্রে অর্থায়নের জন্য পৌর বন্ড (মিউনিসিপ্যাল বন্ড) ইস্যুর প্রয়োজনীয় কাঠামো প্রণয়ন করা হবে।

সরকারের এ উদ্যোগ দেশের আর্থিক খাতকে আরও বহুমুখী ও টেকসই করার পাশাপাশি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।