বাসস
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:১১

স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ড শেষে কারাগারে স্বামী

ঢাকা, ১১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): ঢাকার শ্যামপুরের ডিআইটি প্লট এলাকায় আফরা খানকে (১৬) আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে করা মামলায় তার স্বামী রাহাত হোসেনকে (২২) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

দুই দিনের রিমান্ড শেষে আজ শুক্রবার তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ আসামীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২১ আগস্ট শ্যামপুরের ডিআইটি প্লটের নিজ বাসা থেকে রাহাতকে গ্রেফতার করে পুলিশ। এর আগে, ৮ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৮ মে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাহাত ও আফরা। বিয়ের পর থেকেই রাহাত বিভিন্ন বিষয় নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করত। এর প্রতিবাদ করলে আফরাকে মারধর করা হতো। একই সঙ্গে ভয়ভীতি, হুমকি ও মানসিক নির্যাতনসহ অপমান করে হয়রানি ও মানসিকভাবে বিপর্যস্ত করা হতো।

গত ২০ আগস্ট আফরার শাশুড়ি সোনিয়া আক্তার ভুক্তভোগীর মাকে ফোন করে জানায়, আফরা অজ্ঞান হয়ে পড়ে গেছে। তাকে সূত্রাপুরের একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যান লিটন ব্যাপারী ও সাইফ। 

আফরার মা হাসপাতালে গিয়ে মেয়ের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পান। পরে আফরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২০ আগস্ট শ্যামপুর থানায় রাহাতসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন আফরার মা লাকী আক্তার।

অপর তিন আসামি হলো- রাহাতের মা সোনিয়া আক্তার, বাবা লিটন ব্যাপারী ও বড় ভাই সাইফ হোসেন।