শিরোনাম

ঢাকা, ১০ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর কাফরুল থানা এলাকায় তরিকুল ইসলাম রুবেলকে (২৩) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।
কারাগার থেকে আজ তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বাসস-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর এলাকায় পুলিশের গুলিতে নিহত হন তরিকুল ইসলাম রুবেল। এ ঘটনায় ২০২৫ সালের ৫ মার্চ রাজধানীর কাফরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমউল্লাহকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।