বাসস
  ২০ আগস্ট ২০২৬, ১৮:১৯

ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় যুব মহিলা লীগের সহ-সভাপতি মোনালিসা রিমান্ডে

ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস): জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দ মোনালিসা ইসলামের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

আজ (বৃহস্পতিবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১২ আগস্ট এ মামলায় মোনালিসা ইসলামকে গ্রেফতার দেখানো হয়। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার। আদালত আসামির উপস্থিতিতে শুনানির আজকের দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় আসামিদের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান।

ওই ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়। উল্লেখ্য, গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেফতার করে পুলিশ।