শিরোনাম

খুলনা, ৪ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলায় পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় ৬ আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
এ মামলায় জিহাদুল বিশ্বাস নামে এক আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মীর সেলিম, মাহাবুবুর রহমান, মো. লিটন দেওয়ান, নাসির গাজী ওরফে কাবিলা, কালাম ঢালী ও শামীম বিশ্বাস।
মামলার দণ্ডপ্রাপ্ত আসামি শামীমকে ৪১২ ধারায় অতিরিক্ত আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রায় ঘোষণার সময় মো. লিটন দেওয়ান ও নাসির গাজী ওরফে কাবিলা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ এপ্রিল ডিম ব্যবসায়ী মো. রবিউল ইসলাম জেলার পাইকগাছা উপজেলার কপিলমুনি বাজার থেকে দোকান বন্ধ করে রাত পৌনে ১২টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন।
এসময় তার সাথে একজন কর্মচারী ছিলেন। তারা দুজন উপজেলার নাসিরপুর গ্রামের সাবেক চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে দুটি মোটরসাইকেলে একজন পুলিশের পোশাক পরিহিত এবং বাকি তিনজন সিভিল পোশাকে তাদের গতিরোধ করে। এ সময় তারা জানায় রবিউলের নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং তাদের সাথে থানায় যেতে বলে।
তারা ব্যবসায়ী রবিউলকে মোটরসাইকেলে উঠিয়ে থানার দিকে না গিয়ে ডুমুরিয়া উপজেলার মাগুরখালীর দিকে রওনা হয়। তখন রবিউল কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানতে চাইলে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে নগদ এক লাখ টাকা ও একটি দামি মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে ফেলে যায়।
ঘটনার পরদিন তিনি পাইকগাছা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
একই বছরের ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. শাহজুল ইসলাম ৭ জনের বিরুদ্ধে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করেন।