শিরোনাম

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকার দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় দন্ত চিকিৎসক সারাহ রোকসানা পিনুকে হত্যার অভিযোগে করা মামলায় স্বামী সোহেল রানার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আজ (সোমবার) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাঈদ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শনিবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই হাবিবুর রহমান। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাৎ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সোহেল রানা গত ৩০ জুলাই বেলা ১১টা ২০ মিনিটের দিকে স্ত্রীকে বাসায় রেখে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে অফিসে যান। কেউ আনতে না যাওয়ায় বিকালে মেয়ে একাই বাসায় চলে আসেন।
বাসায় পৌঁছে দেখেন, ঘরের দরজা চাপানো। মা খাটের ওপর হয়ে শুয়ে আছেন। তার মুখের ওপর বালিশ রাখা।
শিশুটি তখন মাকে ডাকাডাকি করে। কোনো শব্দ না পেয়ে মুখের ওপর থেকে বালিশ সরিয়ে দেয়। মায়ের হাত-পা ঠান্ডা ও শ্বাসপ্রশ্বাস বন্ধ বুঝতে পেরে আবারও স্কুলে যায়। প্রিন্সিপালের মোবাইল ফোন থেকে বাবাকে পুরো ঘটনা জানায়। এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করা হয়।