বাসস
  ৩০ জুলাই ২০২৬, ১৬:১৫

বেরোবির সাবেক ভিসি নাজমুল আহসান কলিমউল্লাহ হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার

নাজমুল আহসান কলিমুল্লাহ। ফাইল ছবি

ঢাকা, ৩০ জুলাই, ২০২৬ (বাসস): চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মুস্তাঈন বিল্লাহ সাব্বিরকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে গত ২৮ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তর পশ্চিম থানার উপপরিদর্শক মো. আবু সাঈদ আসামি কলিমুল্লাহকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন।

মামলার অভিযোগ থেকে  জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভিকটিম মুস্তাঈন বিল্লাহ সাব্বির অংশ নেন। ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা পশ্চিম থানাধীন রবীন্দ্র সরণি রোড এলাকায় অবস্থানকালে আসামিরা মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অন্যান্য আসামিদের সহায়তায় ছাত্র-জনতার উপর অতর্কিতভাবে গুলি চালায়। এসময় একটি গুলি বাদির বাম হাতের কুনই এর মাঝখানে লেগে বিপরীত পাশে বের হয়ে যায় এবং গুরুতর জখম প্রাপ্ত হয় এবং আরও কয়েক জন গুলিবিদ্ধ হয়। উপস্থিত লোকজন বাদিকে উত্তরা হাইকেয়ার জেনারেল হাসপাতাল এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) ভর্তি করা হয়। ওই ঘটনায় ভিকটিম নিজে বাদি ২০২৫ সালের ১৪ অক্টোবর উত্তর পশ্চিম থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ৭ আগস্ট মোহাম্মদপুরের বাসা থেকে কলিমুল্লাহকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।